প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৮:২১:০০ প্রিন্ট সংস্করণ
বাউফলে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে কামরুল ইসলাম ওরফে খোকন দফাদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বগা বন্দরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম ওরফে খোকন দফাদার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আবুল কাশেম দফাদার এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল ক্রেতা সেজে ছদ্মবেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে খোকন দফাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ওই মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বগা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রেফতারকৃত খোকন দফাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


















Design & Developed by BD IT HOST