প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩২:০১ প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে দুই ইউনিয়নবাসী। এ ঘটনার প্রতিবাদে ভাঙ্গার পুকুরিয়া, মুনসুরাবাদ, নওপাড়া, হামেরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে গাছ ফেলে অবরোধ করেছেন কয়েক হাজার স্থানীয় জনতা।
এতে মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং এতে উভয় পাশে ১০ থেকে ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পর স্থানীয় জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং পরে ৩টা থেকে ৬টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি, মনসুরাবাদ, নওপাড়া, হামেরদী, ভাঙ্গা বাসস্ট্যান্ড মহাসড়কের উপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার হাজার মানুষ। তারা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন পুনর্প্রবর্তনের দাবি জানিয়েছেন।
প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আমাদের প্রিয় গ্রামকে বিচ্ছিন্ন করে আমাদের মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এ ঘটনা আমরা কোনোভাবেই মানবে না। আমাদের দাবি পুনরায় আমাদের গ্রাম ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়েসহ সব মহাসড়ক এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসী। সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জনগণের দাবি বিষয় নিয়ে ডিসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। জনগণকে আশ্বস্ত করেছি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছি। পরে জনগণ অবরোধ তুলে নেয়। তবে জনগণের দাবি বাস্তবায়ন করতে জোর চেষ্টা চালিয়ে যাবেন।


















Design & Developed by BD IT HOST