রাজনীতি

বাউফলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিভিন্ন ইউনিয়নে বিএনপি’র দোয়া মাহফিল

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১১:২২:৪০ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাউফল পৌরসভার ২ ও ৫ নং ওয়ার্ড, মদনপুরা ইউনিয়ন এবং আদাবাড়ীয়া ইউনিয়নে পৃথক পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আদাবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজেম মুন্সি বাড়ীর উঠানে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি তালুকদার।

একই দিনে বাউফল পৌরসভার ২নং ও ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। ২নং ওয়ার্ডের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম শানু।

এছাড়া মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত দোয়া মাহফিলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সালমা আলম তালুকদার।
অনুষ্ঠানগুলোতে বক্তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও গণতন্ত্রের প্রতীক। তার মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারিয়েছে। দোয়া মাহফিলগুলোতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST