সারাদেশ

বাউফলে দগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ৩:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে জামায়াত নেতা মো. নাসির উদ্দিন (৫৫) মারা গেছেন।
রোববার মধ্যরাতে জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ্ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি অগ্নিদ্বগ্ধ হন। মো. নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলাকালীন হিজবুল্লাহ বাজারে নাসির উদ্দিনের দোকানে পেট্রোল নিতে আসেন এক মোটরসাইকেল বাইকার। এ সময় মোমবাতি জ্বালিয়ে পেট্রোল দিতে গিয়ে দোকানে আগুন দাউদাউ করে লেগে যায় এবং দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দোকানের আগুন নিয়ন্ত্রণে নেন এবং অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST