সারাদেশ

বাউফলে আদাবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল, ছবি পুড়িয়ে প্রতিবাদ

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ৯:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল, ছবি পুড়িয়ে প্রতিবাদ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমকে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ এবং প্যানেল চেয়ারম্যান ও তার ছেলে আলমাস তালুকদারের ছবিতে ঝাড়ু পেটা ও ছবি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনতা।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকাল সাড়ে ৫টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে সাধারণ ইউনিয়নবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত সাধারণ মানুষ ও নেতা কর্মী অংশ নেন। এ সময় বিক্ষুব্ধ জনতা হাতে ঝাড়ু নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের দ্রুত অপসারণ দাবি করেন। ঝাড়ু ও বিক্ষোভ মিছিলটি মিলঘর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে ইউনিয়ন পরিষদ চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আলেয়া বেগম ও তার ছেলে আলমাস তালুকদার নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েছেন। অবিলম্বে তাদের এই সিন্ডিকেট ভেঙে দিয়ে প্যানেল চেয়ারম্যান পদ থেকে আলেয়া বেগমকে অপসারণ করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির আহমেদ পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহীন রেজা, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কবির হোসেন, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন সিকদার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও তার ছেলে আলমাস তালুকদারের ছবিতে প্রকাশ্যে ঝাড়ু পেটা করেন এবং পরবর্তীতে তাদের ছবি ও কুশপুতুল পুড়িয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST