প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ১১:০৩:৫১ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনসহ ৩ জনকে গত রোববার কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলার দুদিন পার না হতে ওই মামলার আসামিরা এবার ছাত্রদল নেতাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমন (২৮) ও তার চাচা যুবদল কর্মী মাসুম (৩০)। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে গলা কেটে হত্যাচেষ্টার মামলার আসামিরা তাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে চরএলাহী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় যৌথবাহিনীর বাধায় তারা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে না পেরে পার্শ্ববর্তী সাবেক চেয়ারম্যান তোতার বাড়িতে জড়ো হতে থাকেন।
পরে তারা আবার বিক্ষোভ মিছিল নিয়ে বাজারে উঠতে চাইলে পুনরায় যৌথবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় ওই স্থান থেকে যৌথবাহিনী সরে দাঁড়ালে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমন ও তার চাচা যুবদল কর্মী মাসুমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ যৌথবাহিনী অবস্থান করছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












Design & Developed by BD IT HOST