ঢাকা

ঢাকায় ফেরার পথে হাসনাতের গাড়িবহরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

  প্রতিনিধি ৪ মে ২০২৫ , ১১:৩০:২৭ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন- হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক সানিউল আলম নাবিল বলেন, ওনারা যে এদিকে আসবেন আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। গাজীপুরে তার কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কিনা তা আমরা জানি না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪-৫টি মোটরসাইকেলে তার গাড়িতে হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টায় ও রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST