সারাদেশ

জমিদার দাবি করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৯:০২:৪৮ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমিদার দাবি করা বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফজলুল করিম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত একটি বক্তব্য- ‘বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ যা বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ আকারে প্রকাশিত হয়েছে। বিষয়টি জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এ বক্তব্য মো. সিরাজুল ইসলামের নিজস্ব বক্তব্য। এতে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থি মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সিদ্ধান্ত নিয়ে তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী মনে করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় ছিল, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে- এটাই আমরা প্রত্যাশা করি।
সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়িঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা ঘটাতে না পারে এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সজাগ দৃষ্টি কামনা করেছেন সংগঠনটির নেতারা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST