প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় এলাকাবাসীর তীব্র আপত্তি ও আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি ক্যালেন্ডারভুক্ত দুইটি বালুমহালের খাস কালেকশন (রাজস্ব আদায়) কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের জানমাল ও পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরেজমিনে তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ জানান, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বালুমহাল দুটির খাস কালেকশন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাউফল উপজেলার দুইটি ক্যালেন্ডারভুক্ত বালুমহালের খাস কালেকশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখা হবে এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুমহাল দুটি থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি, ঘরবাড়ি এবং সরকারি বেড়িবাঁধ ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছিলেন এলাকাবাসী। এরই প্রেক্ষিতে তারা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান। জনসাধারণের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুততার সাথে খাস কালেকশন স্থগিতের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাউফলের সর্বস্তরের জনগণ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের বালু উত্তোলন ও কালেকশন বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।


















Design & Developed by BD IT HOST