সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ৯:৪৫:২২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ও ইদ্রিস (৫০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে।
বৃহস্পতিবার কুয়াকাটা সৈকতের ডিসি পার্কসংলগ্ন সাগরে ট্রলার ও লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নৌ পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করেন।
মৃত জেলে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালীর বাসিন্দা। লাশের পরিচয় শনাক্ত করেন তার ভাতিজা সাগর।
মৃত জেলে ইদ্রিসের ভাতিজা সাগর বলেন, ২৬ জুলাই আমিও এই ট্রলারেই চাচার সঙ্গে ছিলাম। ট্রলারটি ডুবে গেলে চাচাও ওই সময় ডুবে যায়। এ সময় চাচার পরনে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারটি ঢেউয়ের কবলে পরে ডুবে যায়।
এর আগে ২৫ জুলাই মহিপুর থেকে ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্য রওনা দেন সাগরকন্যা নামের ট্রলারটির মাঝি আবদুর রশিদ। ট্রলারটিতে ১৫ জন জেলে ছিলেন। চার দিন সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন ১০ জন। নিখোঁজ ৫ জনের মধ্যে নজরুল ইসলাম নামের এক জনের লাশ গত শুক্রবার ১ আগস্ট কুয়াকাটার মীরা বাড়িসংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়।
জেলেদের ভাষ্য অনুযায়ী, জাল ফেলার কিছু সময় পরই হঠাৎ এক ঝড় ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। মুহূর্তেই ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। শুরুতেই একজন জেলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। এরপর বাঁশ ও ফ্লুটের (ভেসে থাকার সরঞ্জাম) সাহায্যে ১৫ জন ভাসতে থাকেন। পরবর্তী সময়ে মোট ৫ জন ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়ে যান।
এর মধ্য থেকে ১০ জেলে ভেসে ভেসে শেষ বয়া সংলগ্ন এলাকায় পৌঁছান। সেখান থেকে সোমবার রাতে দুটি মাছ ধরার ট্রলার ১০ জনকে উদ্ধার করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, সংবাদ পেয়ে ডিসি পার্কসংলগ্ন সাগরে একটি ট্রলারসহ জেলে লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাতিজা সাগর লাশ শনাক্ত করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST