রাজনীতি

ইসলামবিরোধীরা যেন আশকারা না পায়: মামুনুল হক

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৭:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সাম্প্রতিক সময়ে অশ্লীলতা, বেহায়াপনা ও ইসলামিক কালচারকে অবজ্ঞা করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শাহবাগের পরাজিত চেতনাধারীরা বিভিন্ন নামে-বেনামে ইসলামী মূল্যবোধে আঘাত দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের পদক্ষেপে যেন ইসলামবিরোধীরা আশকারা না পায়।
রোববার (৯ মার্চ) বিকালে পল্টনস্থ দলীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ ও মূল্যায়ন নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত মাস। আমরা বিশেষভাবে এই মাসে সব প্রকার বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারপরও এক শ্রেণির ধর্মবিদ্বেষীরা ইমানদার মুসলমানদেরকে বিভিন্ন উপায়ে উসকানি দেয়। ধর্মপ্রাণ মুসলমানদেরকে সচেতনতার সঙ্গে এসব উসকানির জবাব দিতে হবে।
তিনি বলেন,আমরা লক্ষ্য করছি- সরকার এসব উসকানিদাতাদের বিরুদ্ধে যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারের পদক্ষেপ উল্টোমুখী।
সম্প্রতি নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রূপান্তরকামী এক ব্যক্তিকে ‘অদম্য নারী’ পুরস্কার প্রদানের বিষয়টি উল্লেখ করে মামুনুল হক বলেন, এই ধরনের প্রমোট নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার অপপ্রয়াস এবং নারী সমাজের প্রতি চরম অবমাননাকরও বটে।
তিনি বলেন, অবিলম্বে এই পুরস্কার বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক, সমাজবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST