প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ নেতারা বিদেশে বসে নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন: এসএম জিলানী।

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন এবং সেই পাচারকৃত অর্থ দিয়ে বিদেশে বসে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী। তিনি আরও বলেন, যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে তবে মাঠে আসেন, অন্য কোনো পন্থায় নয় বরং রাজনৈতিকভাবেই তাদের মোকাবিলা করা হবে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, টুঙ্গিপাড়ার মাটিতে আজ রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ইতিহাস সৃষ্টি করেছে। যারা দেশ-বিদেশ থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার ছড়াচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন যে জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দলের ওপর কোনো রকম উস্কানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে তা রাজপথে মোকাবিলা করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান এবং যারা এখানে বিএনপির রাজনীতি করেন, তাদের প্রত্যেকটি মানুষের জন্মভূমিও এটি। তাই রাজনীতি করবেন ও কথা বলবেন শালীনতার সঙ্গে।” বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করার কথা উল্লেখ করে তিনি বলেন, মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গী ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST