প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৫:৪০:২১ প্রিন্ট সংস্করণ
মেডিকেল প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা হয়।
দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জিয়ারুল কুষ্টিয়ার মিরপুর উপজেলা জীবননগর গ্রামের মো. শমসের আলীর ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের সহকর্মী আতাউর রহমান বলেন,আজ সকালের দিকে রূপগঞ্জের বরফা রুপসি থেকে মোটরসাইকেলে করে সোনারগাঁও শাখার ব্র্যাক ব্যাংক অফিসে আসছিলেন আমাদের সহকর্মী জিয়ারুল ইসলাম। পথিমধ্যে সোনারগাঁও মেঘনা টোল প্লাজার সামনে পেছন থেকে দ্রুতগামী ‘তিশা প্লাস’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, জিয়ারুল আর বেঁচে নেই।
তিনি আরও জানান, চলতি মাসের ১ তারিখে রূপগঞ্জ রুপসি শাখা থেকে সোনারগাঁয়ে শাখায় তার বদলি হয়। এই ঘটনায় তিশা প্লাস পরিবহনটি (যার নম্বর-ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৪০) জব্দ করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।












Design & Developed by BD IT HOST