প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ , ১০:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। উপজেলার ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন তিনি।
১৮ মার্চ (বুধবার) সকাল ১১টায় বাউফলের মদনপুরাস্থ এমপি’র নিজ বাসভবন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই ‘ঈদ উপহার’ তুলে দেওয়া হয়।
স্বচ্ছতা ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিবেচনায় নয় বরং প্রকৃত অভাবী মানুষকে খুঁজে বের করতে বাউফল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশেষ যাচাই-বাছাই চালানো হয়। যারা সরকারের ১০ কেজি ভিজিএফ চাল বা অন্যান্য নিয়মিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আসেনি, মূলত তাদেরকেই এই অর্থ সহায়তার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
সহায়তা নিতে আসা বগা ইউনিয়নের ৬৫ বছর বয়সী জরিমন বিবি আবেগপ্লুত কণ্ঠে বলেন, বাজারের যে দাম, তাতে এই টাহাটুকু অনেক কাজে আইবে। আগে কুনো সাহায্য পাই নাই, আজ এই টেহা পেয়ে সংসারের চাপ একটু কমবে।
একই অভিব্যক্তি প্রকাশ করেন সূর্যমণি এলাকার বৃদ্ধ আবদুর রহিম। তিনি বলেন,এমপি সাহেব আমাদের খোঁজ নিয়েছেন, এটাই বড় পাওয়া। এই টাকা দিয়ে অন্তত ঈদের সেমাই-চিনিটা ভালোভাবে কিনতে পারবো।
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার থেকে বরাদ্দকৃত ১০ লক্ষ টাকা আমরা শতভাগ স্বচ্ছতার সাথে সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছি। এর বাইরেও আমার ব্যক্তিগত তহবিল এবং বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগৃহীত অর্থ এই তহবিলে যুক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই—যাতে বাউফলের একটি মানুষও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রকৃত দুস্থদের তালিকা করা হয়েছে যেন দ্বৈত সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে আরও বেশিসংখ্যক মানুষের কাছে সাহায্য পৌঁছানো যায়।


















Design & Developed by BD IT HOST