প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
দেশের সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ ও সিরাজগঞ্জ জেলায় দিনরাত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
নির্বাচনী দায়িত্ব ও টহল কার্যক্রম: গত ০১ লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলার ৯টি আসনের ১৬টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছেন। বিজিবি সূত্রে জানা গেছে, অদ্যবধি নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সমন্বয়ে ১২২টি যৌথ টহল, ৮৭২টি ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত রেকি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
যৌথ অভিযান ও অর্থদণ্ড: নির্বাচনী আচরণবিধি রক্ষায় বিভিন্ন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় নির্বাচনী বিধিমালা ২০২৬-এর ২৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় ৬৪,০০০/- (চৌষট্টি হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিজিবির এই কঠোর অবস্থান ও টহল তৎপরতা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করেছে।
মাদকবিরোধী অভিযান: সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময়ই আপসহীন। গত ০১ লা ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ১৪ বিজিবি সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে ২১,৬১,১০০/- (একুশ লক্ষ একষট্টি হাজার একশত) টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।
অধিনায়কের বক্তব্য: এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।












Design & Developed by BD IT HOST