বরিশাল

বাউফলে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন: হামলা ও অপপ্রচারের অভিযোগ

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:৩৮:২০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হামলা ও পাল্টা-পাল্টি অভিযোগের ঘটনায় স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (৩১ জানুয়ারি) পৃথক দুটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দল দুটি একে অপরের বিরুদ্ধে লাঞ্ছিত ও অপপ্রচারের অভিযোগ এনেছে।
দুপুর আড়াইটায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। তিনি দাবি করেন ধুলিয়া ও চন্দ্রদ্বীপ এলাকায় জামায়াতের ‘সন্ত্রাসী’ হামলার তীব্র নিন্দা জানাই, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এক পাল্টা সংবাদ সম্মেলনে ভিন্ন চিত্র তুলে ধরেন নিহত সাংবাদিক মেহেদী হাসানের মা। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর হয়ে দলীয় প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপি কর্মীরা তাঁকে এবং তাঁর স্বামী মোশাররফ হোসেনকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছেন। এই হামলার ঘটনায় বর্তমানে মোশাররফ হোসেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার ঘটনায় নিহতের পরিবার বাউফল থানায় বিএনপির ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে বাউফলের সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST