প্রতিনিধি ৩১ মে ২০২৬ , ৯:০৯:৪৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর খাল থেকে মোঃ নজির ফরাজি (৫০) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩১ মে (রোববার) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেতাগী বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নজির ফরাজি বেতাগী গ্রামের মৃত খালেক ফরাজির ছেলে। তিনি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বেতাগী বাজারের পশ্চিম পাশে ফরাজি বাড়ির উত্তর দিকের খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় নজির ফরাজির মৃতদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা মামুন ফরাজির দিকে অভিযোগের আঙুল তুলেছেন নিহতের ছেলে মোঃ রাসেল ফরাজি। রাসেল অভিযোগ করে বলেন,
জমাজমি নিয়ে বিরোধের জেরে চাচা আমাদের বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। গত দুই-তিন দিন আগেও তিনি আমাদের হুমকি দিয়ে বলেছিলেন, তোর বাবার সন্ধান দিবি, না হয় তোদের কী করি দেখবি’। বাবার এই পরিণতির পেছনে আমার চাচা জড়িত বলে আমরা তীব্রভাবে সন্দেহ করছি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত চাচা মামুন ফরাজি। তিনি বলেন,
আমার ভাইকে আমিও অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ভাতিজাকে জিজ্ঞেস করায় সে বলেছিল-বাবা কোথাও গেছে, চলে আসবে। এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি যদি অপরাধী হই, তবে আমারসহ আমার পরিবারের সবার যেন ফাঁসি হয়। এ দেশে আইন আছে। ফিঙ্গারপ্রিন্টসহ আধুনিক তদন্তের মাধ্যমে সঠিক রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীর বিচার করা হোক।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, নজির ফরাজি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সাথে তার তেমন কোনো বড় ধরনের বিরোধ বা ঝগড়া-বিবাদ ছিল না। এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান,
নজির ফরাজি নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


















Design & Developed by BD IT HOST