প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৪:০৩:০০ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কালিশুরি বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। এ সময় সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁদের দুজনকে মোট ৭,০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছিল। জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করতে হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করে দেওয়া হয়।


















Design & Developed by BD IT HOST