প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৯:০২:২৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা।
আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ ) দুপুর ২টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পটুয়াখালী-২ আসনে খেলাফত মজলিসের পক্ষ থেকে ‘ঘড়ি’ মার্কার এই প্রার্থীর মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা বলেন, আমরা বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, ঘড়ি প্রতীক নিয়ে আমি বাউফলবাসীর সেবা করার সুযোগ পাব বলে আশা করছি।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে খেলাফত মজলিস রাজপথে যেমন সোচ্চার ছিল, সংসদীয় রাজনীতিতেও তেমন ভূমিকা রাখতে চায়।
এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতা-কর্মী ও প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বাউফলের রাজনৈতিক অঙ্গনে অধ্যাপক মাওলানা আইউব বিন মুছার প্রার্থিতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


















Design & Developed by BD IT HOST