সারাদেশ

ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ২

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ৮:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. রফিকুল ইসলামকে (৫৫) সুবর্ণচরে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার ৪ দিন পর ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ ও র‌্যাব-১১ সিপিসি-৩।
রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।
এর আগে শনিবার রাতে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রাম ও সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের মনির হোসেন (৩৭), একই গ্রামের মো. সেলিমের ছেলে মো. লিটন (২৬)।
পুলিশ জানায়, নিহত অটোরিকশাচালক রফিকুল ইসলামের আদিনিবাস বাগেরহাট জেলার কচুয়া থানা এলাকায়। বিয়ে করে ৪০ বছর যাবত তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দ্বীন মোহাম্মদ বেপারী বাড়িতে বসবাস করে আসছেন। ২-৩ মাস আগে তিনি একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। গত ২৫ আগস্ট বাড়িতে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে যান তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে বন্ধ পান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সুবর্ণচর উপজেলার নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় দড়ির দাগের ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ আরও জানায়, শনিবার রাত ২টার দিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের কামাল হোসেনের গ্যারেজ থেকে মূলহোতা মনিরকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করে ভিকটিম রফিকুল ইসলাম তার পূর্ব পরিচিত ছিল। তারা একসঙ্গে আড্ডা দিতেন। সোমবার রাতে কোমল পানীয় স্পিডের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তার অটোরিকশা নিয়ে যাওয়ার সময় ভিকটিম বারবার পিছন পিছন আসে। পরে ওই অটোরিকশায় করে তাকে ঘটনাস্থলে নিয়ে আসামি মো. লিটনের সহযোগিতায় মনির হোসেন তার ব্যবহৃত গামছা দিয়ে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে অটোরিকশা নিয়ে নিয়ে তারা আত্মগোপনে চলে যায়।
আসামির দেওয়া তথ্যমতে চরজব্বর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত গামছা উদ্ধার করা হয়।
চরজব্বার থানার ওসি মো. শাহীন মিয়া আরও বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে রিপন নামে এক তরুণ হত্যাকাণ্ডে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST