সারাদেশ

শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না: আমির খসরু

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৯:৩৪:৫২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের কাজ হচ্ছে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে ফেসিলিটেড করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু বিগত দিনে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছিল অর্থনীতিকে। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ারবাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশে যত মেগা প্রজেক্ট সেগুলোর মাধ্যমে লুট করেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া মুক্তবাজার অর্থনীতি থেকে সরে নিয়ে তারা কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছে। সঙ্গে সঙ্গে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে, রাজনৈতিক শক্তিও তার কাছে। এজন্য জিয়াউর রহমান অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলেছেন। শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না। অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে।
বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনটাই চলবে না। অর্থনীতিকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশে প্রতিটি মানুষ যেন এর সুবিধা পায়। সাধারণ পরিবারের কোন ছেলে-মেয়ে যদি ব্যবসা করতে চায়, তাদের জন্যও সমান সুযোগ থাকবে। অর্থনীতিক গণতান্ত্রিক অর্থ হলো প্রত্যেকটা নাগরিকের ব্যবসা-বাণিজ্য করার জন্য লেভেল ফিল্ড। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দৌরাত্ম্যে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয় সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের মাধ্যমে দেশ এগোবে। অর্থনীতির চালিকাশক্তি হলো ব্যবসায়ীরা।
ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST