বরিশাল

বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার

  প্রতিনিধি 12 নভেম্বর 2026 , 3:27:17 প্রিন্ট সংস্করণ

বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সড়কের পাশ থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে ওই অঙ্গগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের পাশে মানুষের কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি বিচ্ছিন্ন বাম হাত এবং অদূরে বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ এমন একটি পৈশাচিক দৃশ্য দেখতে পেয়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনৈক ব্যক্তি কীভাবে এভাবে খণ্ডিত হলেন বা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। দ্রুত এই রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে হাত ও পাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অঙ্গগুলোতে ইতোমধ্যে পচন ধরেছে। তবে এটি কার মরদেহ কিংবা কীভাবে বা কোন উদ্দেশ্যে এগুলো এখানে ফেলা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশি অভিযান ও জোরালো তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ফরেনসিক পরীক্ষা বা বিস্তারিত তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত তথ্য জানানো সম্ভব হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST