সারাদেশ

আশাশুনিতে ৭ লাখ টাকার চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ৩:০২:৪৩ প্রিন্ট সংস্করণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে রিজিয়া খাতুন নামে এক নারীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানে তাদের গ্রেফতারের পাশাপাশি চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের তামিম ইকবাল (পিতা: বারিক গাজী), শামীম হোসেন (পিতা: আব্দুল গফুর সরদার), মিনারুল ইসলাম (পিতা: আনারুল ইসলাম) এবং ওমর আলী সরদার (পিতা: মৃত আতিয়ার সরদার)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বুধবার রাতে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুনের বাড়িতে একদল চোর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ঘরের অন্যান্য মালামাল তছনছ করে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী রিজিয়া খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নির্দেশনায় এসআই আনজির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, ‘চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST