বরিশাল

বাউফলে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও সালেহ আহমেদ

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৬ , ১২:৫৭:৩৯ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
গত বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা চলাকালীন তিনি উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
পরিদর্শনকালে ইউএনও সালেহ আহমেদ পরীক্ষার হলের ভেতরের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন। নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে তিনি কেন্দ্র সচিব, পরিদর্শক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিতে পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করেছি। পরীক্ষার মর্যাদা ও স্বচ্ছতা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।
পরিদর্শনকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা বজায় রাখা এবং বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করার বিষয়টি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এ সময় কেন্দ্র সচিব এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন।
পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST