সারাদেশ

সততা ও জনবান্ধব সেবার স্বীকৃতি: পটুয়াখালীতে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত বাউফলের সোহাগ মিলু

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ১২:২৩:৪৫ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
কর্মক্ষেত্রে সততা, সুনিপুণ দক্ষতা এবং শতভাগ জনবান্ধব হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার গৌরবোজ্জ্বল স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু।
গতকাল ২৪ মে (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই শ্রেষ্ঠত্বের সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কৃতি এই কর্মকর্তার হাতে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান।
ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ও স্বচ্ছতার সাথে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাওয়া এই কর্মকর্তার এমন অনন্য রাষ্ট্রীয় অর্জনে বাউফল উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

সংসদ সদস্য ও বিভিন্ন মহলের অভিনন্দন

সোহাগ মিলু পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক ক্ষুদে বার্তায় (এসএমএস) তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এমপির অভিনন্দন বার্তার পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ও ব্যক্তিগতভাবে এই কৃতি কর্মকর্তাকে শুভেচ্ছা জানান। বাউফলবাসী মনে করছেন, এমন সৎ, কর্মঠ ও দক্ষ কর্মকর্তার মূল্যায়ন মাঠ প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি সেবার প্রতি জনগণের আস্থা আরও বহুগুণ বাড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
শ্রেষ্ঠত্বের অনন্য এই সম্মাননা অর্জনের পর এক প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের অভিনন্দন বার্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন: মাননীয় সংসদ সদস্য স্যার, আপনার এই আন্তরিক স্বীকৃতি ও মূল্যায়নে আমি সত্যিই অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই গৌরবময় অর্জন বাউফলের সাধারণ মানুষের প্রতি আমার সেবার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বাউফল উপজেলায় একটি শতভাগ জনসেবামুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক আধুনিক ভূমি প্রশাসন গড়ে তুলতে আগামী দিনগুলোতেও আমি আপনার সদয় সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করছি।
উল্লেখ্য, বাউফল উপজেলায় যোগদানের পর থেকেই এসিল্যান্ড সোহাগ মিলু ভূমির দালাল চক্র উচ্ছেদ, ই-নামজারি ও খতিয়ান প্রক্রিয়া সহজীকরণ, প্রান্তিক কৃষকদের ভূমি অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে নানামুখী প্রশংসনীয় ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই গৌরবময় স্বীকৃতি পুরো জেলা প্রশাসনের কর্মকর্তাদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সুধীমহল।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST