প্রতিনিধি ২২ মে ২০২৬ , ৩:০৫:৪১ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় আকস্মিক বজ্রপাতে পানবরজের দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৃতরা হলেন- গৌরনদীর মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।
এ ঘটনায় আহত ব্যক্তি হলেন- গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০)।
ডা. তৌকির হোসেন জানিয়েছেন, দুইজনকে মৃত অবস্থায় এবং একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে গোপালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উল্লেখিত তিনজনে ভিমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গোপাল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















Design & Developed by BD IT HOST