অর্থনীতি

আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৪:০০:৪৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কোনো শুল্ক-কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দাম পুনর্নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই।’ তবে একই সঙ্গে তিনি জানান, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই বাংলাদেশের মতো এত কম দামে সিগারেট পাওয়া যায় না। তিনি বলেন, ‘তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।
জাপান টোব্যাকোর পক্ষ থেকেও বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি করারোপকারী দেশগুলোর একটি বাংলাদেশ এবং আর কর না বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, উভয়পক্ষ থেকেই অবৈধ সিগারেট আমদানিকে খাতের বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। এনবিআর চেয়ারম্যান জবাবে জানান, অবৈধ কারবার বন্ধে সিগারেটের গায়ে এয়ার কোড বসানো হবে।
আলোচনায় মোবাইল খাতের দুটি সংগঠনও তাদের দাবি তুলে ধরে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস সিম কার্ড হারানোর পর পুনরায় নেওয়ার ক্ষেত্রে ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়, একে দ্বৈত করারোপ হিসেবে উল্লেখ করে। অন্যদিকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অবৈধ ও আনঅফিশিয়াল মুঠোফোন আমদানি রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (NEIR) বাস্তবায়নের দাবি জানায়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST