প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ১০:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
সংবাদ আর্কাইভ অ্যাক্সেস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন সৈয়দা অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া। কিন্তু বিএনপি যে ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় নাম নেই বিএনপির এই নেত্রীর।
বিএনপির রাজনীতিতে অতি পরিচিত মুখ আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনিত করা হয়নি। যে কারণে তিনি হতাশ।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমার রাজনীতি কোনো সাময়িক পদ-পদবি বা ব্যক্তিস্বার্থের ওপর দাঁড়িয়ে নেই। এটি একটি আজীবন লালিত আদর্শের লড়াই, যা স্কুলে পড়াকালীন ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে শুরু করেছিলাম। দীর্ঘ কয়েক দশকের সেই ত্যাগ আর রক্তে ভেজা সংগ্রাম আমার অস্তিত্বের অংশ।
তিনি আরও লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার ভালোবাসা ও আনুগত্য এত ঠুনকো নয় যে এতো সহজে তা বিলীন হয়ে যাবে। রাজনীতিতে মান-অভিমান থাকতে পারে, পরিস্থিতির কারণে মনে কষ্ট থাকতে পারে; কিন্তু আদর্শের জায়গায় আমি কোনোদিন এক চুলও আপস করিনি এবং করবও না। আমার ভক্ত ও শুভানুধ্যায়ীরা আমার ওপর এই ধ্রুব বিশ্বাসটুকু নিশ্চিন্তে রাখতে পারেন।
পাপিয়া বলেন, আমি এই দলের বাইরে কখনো যাইনি এবং যাওয়ার প্রশ্নই আসে না। বিএনপিতেই আমার রাজনৈতিক জন্ম হয়েছে এবং ইনশাআল্লাহ, এই দলের পতাকা তলেই আমার শেষ নিঃশ্বাস পড়বে।












Design & Developed by BD IT HOST