প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিগত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারা জনগণকে উপহার দিয়েছেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলাবাজি, ফ্যাসিবাদ এবং বিচারহীনতার সংস্কৃতি। এই জরাজীর্ণ বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে চাই। ইনশাআল্লাহ, ১৩ তারিখের নতুন সূর্য উদিত হবে এক নতুন সম্ভাবনাকে পিঠে নিয়ে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
দেশ থাকবে ১০ আঙুলের চেয়েও পরিষ্কার
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে নৈতিকতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, মহান রাব্বুল আলামিন যদি আমাদের দেশসেবার সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙুলের চেয়েও এই দেশটা বেশি পরিষ্কার ও দুর্নীতিমুক্ত থাকবে। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ
বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডাকসু ভিপি সাদিক কায়েম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল: সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী।
জহির উদ্দিন বাবর: আমীর, বরিশাল মহানগরী।
নাজমুল হোসেন: আমীর, পটুয়াখালী জেলা।
আরিফ বিল্লাহ সিদ্দিকী: ছোট হুজুর, ছারছীনা দরবার শরীফ।
মুজাহিদুল ইসলাম শাহীন: বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের আহ্বান
জনসভায় পটুয়াখালী-২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জুমার নামাজের আগে থেকেই বাউফল পাবলিক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের লড়াইয়ে শরিক হওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।


















Design & Developed by BD IT HOST