সারাদেশ

১৮ মাস তালাবদ্ধ থাকার পর দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত, নেতাকর্মীদের স্লোগান

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৬:৪৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খোলা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত কার্যালয়টি পুনরায় উন্মুক্ত করেন স্থানীয় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদার নেতৃত্বে একদল নেতাকর্মী নলখোলা বন্দরে আসেন। তারা দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়টি খোলেন। কার্যালয় খোলার পরপরই সেখানে ‘দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ সম্বলিত একটি নতুন ব্যানার সাঁটানো হয়।
কার্যালয় খোলার পর নেতাকর্মীরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। কার্যক্রম শুরুর অংশ হিসেবে কার্যালয়ের ভেতরে একটি মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার গণমাধ্যমকে জানান, দীর্ঘ ১৮ মাস পর তারা দলীয় কার্যালয়টি পুনরায় সচল করেছেন এবং দোয়া ও মিলাদের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিকেলে বিক্ষুব্ধ জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং এতে তালা ঝুলিয়ে দেয়। সেই থেকে গত দেড় বছর ধরে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে কার্যালয়টি পুনরায় খুলে দেওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST