রাজনীতি

রুমিন ফারহানাকে সমর্থন জাতীয় পার্টির

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলটির স্থানীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানীর নেতৃত্বে এ ঘোষণা দেন তারা। ওই এলাকার কয়েকশ নেতাকর্মী সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার প্রধান নির্বাচনি কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন এবং হাঁস প্রতীকের পক্ষে অবস্থান নেন।
এর আগে রোববার দুপুরে প্রচারণায় বাধা, নেতাকর্মীদের হুমকি-ধমকি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধা। তার ওই ঘোষণার পরদিনই জাপার নেতাকর্মীরা রুমিন ফারহানার পক্ষে সমর্থন জানালেন।
সমর্থন ঘোষণার সময় উপজেলা জাপার আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা জাপার সভাপতি হানিফ সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম সরকারসহ নির্বাচনি এলাকার ১৯টি ইউনিয়নের জাপার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আবদুল হামিদ ভাসানী বলেন, দলের মহাসচিব শামীম হায়দার পাটওয়ারীর নির্দেশে আমরা হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছি। এখানকার মানুষ তার কাছে নিরাপদ বোধ করে। আমাদের নৈতিক সমর্থন হাঁস প্রতীকের প্রতি রয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাঁস প্রতীকে ভোট দেবেন- এমনটাই আমরা দেখছি।
অন্যদিকে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে এসে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কালোটাকা ছড়াচ্ছেন, পেশিশক্তি প্রদর্শন করছেন এবং আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধাসহ মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর মধ্যে দুজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এর আগে জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসেন দলীয় সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST