প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ৯:১৭:৪৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুলের বিরুদ্ধে ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাজুবাঘা নতুনপাড়া গ্রামে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের বাড়ির অফিসে এ সংবাদ সম্মেলন করেন মুখলেছুর রহমান মুকুল।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুল লিখিত বক্তব্যে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা ও ব্যবসার সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে কতিপয় ভুয়া মোবাইল সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডা. আসাদুজ্জামান আসাদকে বিভ্রান্তিকর প্রশ্ন করে এবং মিথ্যা নিউজ করার ভয় দেখায়। একপর্যায়ে ভুয়া সাংবাদিকরা দুর্ব্যবহার শুরু করলে পাশে থেকে বাধা দেই।
তিনি বলেন, কিছুদিন পর অনিবন্ধিত ‘নিউজ টিভি’ নামক ফেসবুক পেজ থেকে তথ্যবিহীন অসত্য নিউজ প্রকাশ করা হয়। একইভাবে কয়েকটি অনলাইন পেজ থেকেও এআই সফটওয়ারের মাধ্যমে নিউজ প্রকাশ করা হয়। রাজশাহীর এক প্রেস ক্লাবের মাধ্যমে জানতে পারি, তারা কোনো নিবন্ধিত সাংবাদিক না; তাদের কোনো রেজিস্ট্রেশন নেই।
মুখলেছুর রহমান মুকুল বলেন, তারা বিভিন্ন জায়গায় মিথ্যা নিউজ করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। তারা আমার কাছেও বিভিন্ন মাধ্যমে চাঁদার দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করি। এছাড়া তাদের নামে রাজশাহীর কয়েকটি থানায় চাঁদাবাজি, মানহানি ও নারী কেলেঙ্কারির মামলা রয়েছে।
এছাড়া তারা ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে ৫ আগস্ট ২০২৪-এর পর আমার নামে চারঘাট থানায় মামলার কথা বলা হয়েছে, এ ধরনের কোনো মামলা আমার নামে নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নিউজ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা কখনো ভ্রাম্যমাণ আদালতের ভুয়া ম্যাজিস্ট্রেট, কখনো ভুয়া ডিবি পুলিশ অফিসার, কখনো কথিত নিউজ পোর্টালের সম্পাদক, টিভি চ্যানেলের চেয়ারম্যান এবং বড় মাপের ব্যবসায়ী বলে পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও শ্লীলতাহানির মামলা রয়েছে। তাদের অপকর্ম নিয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য নিউজ পোর্টালে বিভিন্ন শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব মিথ্যা নিউজ না সরালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুল।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুখলেছুর রহমান মুকুলের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন।


















Design & Developed by BD IT HOST