অপরাধ

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা,খুনের দায় স্বীকার বাবার

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৮:৪৬:২৪ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুর এলাকায় মাত্র দেড় মাস বয়সি শিশু ইনায়া রহমানকে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন শিশুটির বাবা আতিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় খবর নেওয়া পর্যন্ত তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। সন্তানকে খুন করার পর তিনিও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার বিকালে, সিলেট নগরীর শাহপরান থানার ইসলামপুর এলাকার কোরেশী ভিলা ১৮/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইনায়া রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির সন্তান। আতিকুর পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান স্বীকার করেন, মাথাব্যথা সহ্য করতে না পেরে তিনি নিজ সন্তানকে হত্যা করেন।
তিনি আরও জানান, ঘটনার দিন শিশু ইনায়াকে বাসার বাথরুমে নিয়ে গিয়ে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।
পুলিশের ভাষ্যমতে, ‘আতিকুর রহমান জানান, মাথাব্যথার কারণে মাথায় কী যেন হয়েছিল, বুঝতে পারিনি। হঠাৎ করে এই কাজ করে ফেলি।
পুলিশ ঘটনার সময় ব্যবহৃত বটি ও দা উদ্ধার করেছে। পুলিশ বলছে, পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। চিকিত্সা শেষে আতিকুর রহমানকে আইনি প্রক্রিয়ায় আদালতে তোলা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST