প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর বাউফলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মাগরিবের পর বাউফল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন: ভিপি নূর তৃণমূল থেকে উঠে আসা মেহনতি মানুষের নেতা। তিনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বাউফলসহ সারা দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশে সুশাসন ও সাম্য প্রতিষ্ঠিত হবে।
মিছিল চলাকালীন নেতাকর্মীদের নূর ভাইয়ের মন্ত্রীত্ব, গণমানুষের জয়,বাউফলের মাটি, গণঅধিকারের ঘাঁটি এবং নতুন দিনের নতুন আলো, নূর ভাই বাসবে ভালো, এমন সব স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। বক্তারা ভিপি নূরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST