প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ৬:১৪:১৪ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বিশিষ্ট নাগরিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে বাউফল প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের বিশিষ্ট নাগরিকদের সাথে এই মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা গণমানুষের কল্যাণে কাজ করে। রমজানের পবিত্রতা রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামি আন্দোলন বাউফল উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুল আমিন।


















Design & Developed by BD IT HOST