প্রতিনিধি ৫ মে ২০২৫ , ৩:৩৩:২৯ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মমিনপুর গ্রামে নিজাম উদ্দিনের গোয়ালঘরে আগুনে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৪ মে ২০২৫) মধ্য রাতে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন (৫০) পেশায় একজন অটোরিক্সা চালক। তিনি অভিযোগ করেন যে, ঘটনার দিন রাত ১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুনের শিখা দেখতে পান। এরপর ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
কোনোমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় ২টি গরু, ২টি খাসি ছাগলসহ অর্ধশতাধিক হাঁস মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার
মুখমণ্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায় তার।
পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে কয়েকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, “কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।”












Design & Developed by BD IT HOST