প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ১২:৩২:৪১ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে শিবু বণিক (৭৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। তবে ১৪ ঘন্টা হলেও এখনও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
শিবু বণিক উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টির মুদি ও মনোহরী ব্যবসায়ী।
দোকানের কর্মচারী তাপস ও শংকরের সঙ্গে কথা বলে জানা যায়, শিবু বণিক রাতে প্রতিদিনের মতো দোকানের সাটার নামিয়ে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। রাত ১০টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তাপস ও শংকরকে বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা সাড়ে পাঁচ লাখ টাকাসহ শিবু বণিককে নিয়ে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর ওই বন্দরসহ আশপাশের কয়েক শ লোক দোকানের সামনে ভিড় করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শিবু বণিককে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে।












Design & Developed by BD IT HOST