প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১:৪২:০১ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের একই পরিবারের তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তার নামে অর্থ সংগ্রহ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন ব্যক্তি ও মহলের মাধ্যমে টাকা তোলার বিষয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরণের সন্দেহ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মান্যবর জেলা প্রশাসকের প্রত্যক্ষ নির্দেশনায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই তিন প্রতিবন্ধী ভাইয়ের নামে একটি সরকারি ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট (Joint Account) খোলা হবে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টটির সার্বিক তদারকি ও নিয়ন্ত্রণে থাকবে বাউফল উপজেলা প্রশাসন। এর ফলে প্রতিবন্ধী এই তিন ভাইয়ের জন্য আসা দেশ-বিদেশী সকল আর্থিক সাহায্য সরাসরি সরকারি নজরদারিতে থাকবে এবং এর অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
প্রশাসনের পক্ষ থেকে গৃহীত মূল সিদ্ধান্তসমূহ:
১। যৌথ ব্যাংক অ্যাকাউন্ট:
খুব শীঘ্রই তিন প্রতিবন্ধী ভাইয়ের নামে একটি সরকারি ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট খোলা হবে, যা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।
২। পূর্বের সংগৃহীত অর্থ জমা:
এখন পর্যন্ত যে বা যারা এই তিন ভাইয়ের সহায়তার কথা বলে টাকা সংগ্রহ করেছেন, তাদের সংগৃহীত সমস্ত টাকা এই নতুন যৌথ অ্যাকাউন্টে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৩। অ্যাকাউন্ট নম্বর উন্মুক্তকরণ:
ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি অতি দ্রুত সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে, যাতে পরবর্তীতে যে কোনো সহৃদয় ব্যক্তি বা প্রবাসী সরাসরি কোনো মাধ্যম ছাড়াই এই অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন।
৪। ভরণপোষণ ও চিকিৎসা:
এই যৌথ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা থেকেই তিন ভাইয়ের দৈনন্দিন খাবার, উন্নত চিকিৎসা এবং যাবতীয় প্রয়োজনীয় খরচ বহন করা হবে।
৫। অবকাঠামো নির্মাণ:
উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এই অসহায় পরিবারের চাহিদা অনুযায়ী অনতিবিলম্বে একটি পাকা শৌচাগার (টয়লেট) এবং ব্যবহারের সুবিধার্থে পুকুরের একটি ঘাট নির্মাণ করে দেওয়া হবে।
বিশেষ সতর্কবার্তা ও অনুরোধ:
স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তিন প্রতিবন্ধী ভাইয়ের প্রতিবেশী অমিত দাস, উপজেলা প্রশাসনের বিশেষ অনুমতি (কনসার্ন) নিয়ে তাদের সহায়তার জন্য টাকা সংগ্রহ করছেন। এই একজন ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি বা সংগঠন যদি তিন ভাইয়ের নামে অর্থ সংগ্রহ করে থাকেন বা ইতিপূর্বে করেছেন, তাদেরকে সংগৃহীত সমস্ত টাকা অবিলম্বে এই নবগঠিত যৌথ অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের অনুমতি ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে বা মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে।


















Design & Developed by BD IT HOST