প্রতিনিধি ৬ মার্চ ২০২৬ , ৮:২১:৩৮ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় আওয়ামী লীগের কার্যালয়ের তৃতীয় তলায় ছাত্রলীগের কার্যালয়ে ভোরে দলীয় ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে এটি টাঙানো হয়।
একইদিন সকালে স্থানীয়দের কেউ কেউ ব্যানারটি দেখতে পেলেও বেলা পৌনে ১১টার পর তা আর পাওয়া যায়নি।
শহরের ছোট বাজার এলাকার কার্যালয়ে ব্যানার টাঙানোর ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ব্যানারটিতে ‘দলীয় কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা, শহীদ তিতাস রোড ছোটবাজার নেত্রকোনা’ লেখাসহ বামপাশে শেখ মুজিবুরের ছবির সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি দেখা যায়।
নতুন করে ব্যানার টাঙানোর খবরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে। পথচারী ও উৎসুক জনতাও সেখানে ভিড় করে। তবে এর আগেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে তিনতলা বিশিষ্ট দলীয় কার্যালয়টির আসবাবপত্র লুটপাটের পর বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের নিচতলায় আওয়ামী লীগ, দ্বিতীয় তলায় যুবলীগ ও তৃতীয় তলায় ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করতো।
ওই এলাকার একজন ব্যবসায়ী জানান, সকাল ৮টার দিকে তিনি তৃতীয় তলায় ছাত্রলীগের ব্যানার ঝুলতে দেখেন। সকাল ১০টার দিকেও ব্যানারটি দেখতে পান। কিছুক্ষণ পর সেটি আর দেখা যায়নি।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, বিষয়টি শুনে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে আর ব্যানার পায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















Design & Developed by BD IT HOST