প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ১১:১৬:২৮ প্রিন্ট সংস্করণ
মোস্তফা মিয়া, নরসিংদী:
নরসিংদী সদর ও ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। অভিযানে সরকারি ওষুধ ও মাদকদ্রব্যসহ (গাঁজা) দুই নারীসহ মোট ১২ জন দালালকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকালে হাসপাতাল এলাকা ঘিরে এই যৌথ অভিযান পরিচালিত হয়। র্যাব-১১, সিপিসি-১ নরসিংদী, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে হাতেনাতে ধরা পড়ে সক্রিয় দালালচক্রের সদস্যরা। এ সময় তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়। একইসঙ্গে তাদের কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরাধের ধরন অনুযায়ী আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১, সিপিসি-১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, “হাসপাতালকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা আদায় করে আসছিল। পাশাপাশি সরকারি ওষুধের অপব্যবহার এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থে এবং সাধারণ রোগীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আমাদের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম বলেন, “সরকারি হাসপাতাল সাধারণ মানুষের সেবার জায়গা। এখানে কোনো অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। দালাল নির্মূল, সরকারি সম্পদের সুরক্ষা এবং মাদকবিরোধী অভিযানে জেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, দালালচক্রের দৌরাত্ম্য কমে আসায় স্থানীয় সাধারণ রোগীদের মাঝে স্বস্তি ফিরেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।












Design & Developed by BD IT HOST