প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৪২:৩০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনি আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সোমবার উপজেলা পরিষদ, থানা ও হাইওয়ে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা দেখা গেছে। ঘটনার পর সোমবার রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফরিদপুর জেলা প্রশাসক নাশকতা চালানো স্থানগুলো পরিদর্শন করেছেন।
এদিকে সোমবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে মহাসড়ক দুটিতে অবরোধ নেই। মঙ্গলবার সকাল থেকেই পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এদিকে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয় নিয়ে জেলা প্রশাসকের সুপারিশকৃত একটি প্রতিবেদন ইলেকশন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টে একটি রিটের শুনানি ২১ তারিখ হবার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে উপজেলা বিএনপির পক্ষ হতে ভাঙ্গা ঈদগা মাদ্রাসা ময়দান থেকে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়। মিছিল থেকে সাবেক এমপি নিক্সন চৌধুরীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়,আমার থানায় হামলা কেন,ফ্যাসিস্টের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও,স্বৈরাচারের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও,আন্দোলনের নামে নাশকতা চলবে না চলবে না।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্যা ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. আশরাফ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ২১৪ ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্তকরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেছেন।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই চিঠি সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ এর সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়। ওই তালিকায় ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে গত ৪ সেপ্টেম্বর থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ ওই আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।
চিঠিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। এতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে সাধারণ জনগণকে তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে।
চিঠিতে আরও বলা হয়, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা হতে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করায় সংসদীয় আসন পুনর্নির্ধারণের বিষয়টি দুই সংসদীয় আসনের জনগণ মেনে নিতে পারেনি। ওই দুইটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে।
চিঠিতে বলা হয়, বর্ণিত অবস্থায়, জাতীয় সংসদীয় আসন ২১২ ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন আলগী ও হামিরদীকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।
এদিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা এলাকাবাসীর পক্ষে এক ফেসবুক বার্তায় পাঁচটি দাবির কথা উল্লেখ করেছেন। তিনি পাঁচটি দাবিকে ভাঙ্গাবাসীর প্রাণের দাবি হিসেবে উল্লেখ করে বলেছেন এ দাবিগুলো মেনে নেওয়া হলে তারা ঘরে ফিরে যাবেন।
দাবিগুলো হলো- ১. আলগী এবং হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্ত করতে হবে। ২. চেয়ারম্যানসহ সকলকে মুক্তি দিতে হবে। ৩. নিরীহ নিরপরাধ জনগণের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৪. নতুন কোনো মামলা দেওয়া যাবে না। ৫. রাতের বেলা প্রশাসন দিয়ে সাধারণ জনগণকে হয়রানি বন্ধ করতে হবে।
ভাঙ্গা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক মো. আশরাফ বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর তাদের দোসররা এখনো সোচ্চার রয়েছে। এ আসনের সাবেক সাংসদ নিক্সন চৌধুরী এক ভিডিও বার্তায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর তার অনুসারীরা ভাঙ্গায় থানা, উপজেলা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক নাশকতা করেছে। এছাড়া আমাদের মসজিদে হামলা করতে তারা পিছপা হয়নি। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা এই বিশৃঙ্খলাকারী ওতপেতে থাকা স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্যা বলেন, আমাদের উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন যাতে ফরিদপুর-২ আসনে না নেওয়া হয় সেই বিষয়ে আমাদের নেতারা হাইকোর্টে একটি রিট করেছেন।
এদিকে আমাদের শিথিলতা ও রাস্তায় না থাকার সুযোগে একটি কুচক্রীমহলের ইন্ধনে তার সাঙ্গোপাঙ্গরা আমাদের ভাঙ্গায় ব্যাপক ভাঙচুর চালিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে সচেষ্ট রয়েছে। আমরা কুচক্রী মহলের দৃষ্টান্তমূলক বিচার চাই।
জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, সোমবার (১৫ সেপ্টেম্বর) কিছু দুষ্কৃতকারী ভাঙ্গায় থানা, হাইওয়ে থানা ও উপজেলা পরিষদে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে নাশকতা চালিয়েছে, তাদের বিষয়ে পুলিশের পক্ষ হতে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনর্বিন্যাস ইলেকশন কমিশনের এখতিয়ার। আমাদের এখানে পুলিশের তেমন কাজ নেই। তাহলে আমাদের থানায় হামলার কারণ কী?
তিনি আরও বলেন, হামলাকারী দুষ্কৃতকারীদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভাঙ্গাবাসীকে ধৈর্যধারণ করতে বলেছি। তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারে। মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে এভাবে জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে এ কর্মসূচি থেকে সরে আসতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ টহল রয়েছে। সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করা প্রয়োজন তা আমরা করব।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনর্বিন্যাসের বিষয়ে ইলেকশন কমিশন সচিবের সঙ্গে কথা বলেছি এবং সোমবার একটি চিঠি প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে ভাঙ্গাবাসীকে ধৈর্য ধারণের জন্য বলা হয়েছে।


















Design & Developed by BD IT HOST