সারাদেশ

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৮:২৭:২৭ প্রিন্ট সংস্করণ

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর পৃথক দুই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।
অস্ত্রটির মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে র‌্যাবের অপর একটি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়।
পরে বিধি মোতাবেক তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ, শেড নম্বর-০৬৮৭, রুম নম্বর-০৬-এর বাসিন্দা। তার পিতার নাম শামসুর আলম।
র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র ও গুলিসহ আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST