প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১০:২১:০৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধ মজুতদারদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। তেলের সিন্ডিকেট ভেঙে দিতে এবং জনভোগান্তি লাঘবে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখে বা তেল মজুত করে রাখে, তবে তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি এক জরুরি বার্তায় ইউএনও জানান, জ্বালানি তেল নিয়ে কারসাজি রুখতে প্রশাসন ইতোমধ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে এই অভিযানকে আরও বেগবান ও কার্যকর করতে সাধারণ মানুষের সরাসরি সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।
তথ্য দেওয়ার আহ্বান
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ডিলার বা বিক্রেতা যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দাবি করে, তবে সাধারণ মানুষ যেন তাৎক্ষণিকভাবে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন। অভিযোগের সত্যতা পাওয়া মাত্রই অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরাসরি যোগাযোগ ও তথ্য দেওয়ার জন্য প্রশাসন থেকে নিম্নলিখিত নম্বরগুলো উন্মুক্ত করা হয়েছে:
উপজেলা নির্বাহী অফিসার (UNO): ০১৭৩৩-৩৩৪১৪৯
সহকারী কমিশনার (ভূমি): ০১৭৩৩-৩৩৪১৯৪
অফিসার ইনচার্জ (OC): ০১৩২০-১৫৫২০৭
ভুক্তভোগী বা সচেতন নাগরিকরা সরাসরি ফোন কল, মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে তথ্য ও প্রমাণ পাঠিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু সবার সহযোগিতা পেলে আমরা সিন্ডিকেট নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারব। সঠিক তথ্য দিয়ে জনস্বার্থে প্রশাসনকে সহায়তা করুন।
প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কৃষি ও পরিবহন খাতে জ্বালানি তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















Design & Developed by BD IT HOST