প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১০:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. হাফিজুল ইসলাম (৩৮) নামের এক হিজড়া মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় পাঁচবিবি পৌরসভার নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম উপজেলার নাকুরগাছী এলাকার মো. সমির উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ ও অভিযানের বিবরণ
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, হাফিজুলের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে হিজড়ার অভিনয় করে ট্রেন, বাস ও হাটবাজারে মানুষের কাছ থেকে টাকা তুলে আসছিলেন। তার বাসায় দিনরাত একদল হিজড়ার আনাগোনা থাকত এবং সেখানে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি দেদারছে মাদকের ব্যবসা পরিচালনা করা হতো।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি পৌরসভার নাকুরগাছী এলাকায় অভিযান চালায়। ডিবি কার্যালয়ের এসআই সাখাওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান ও এএসআই মো. সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হাফিজুলের বাসার দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















Design & Developed by BD IT HOST