প্রতিনিধি ৭ জুলাই ২০২৫ , ৯:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ
ধীরে ধীরে এক রক্তাক্ত মহাদেশে রূপ নিচ্ছে আফ্রিকা। বুরকিনা ফাসো, মালি, নাইজারসহ পশ্চিম আফ্রিকার একাধিক দেশে প্রতিনিয়ত বাড়ছে জঙ্গি হামলার সংখ্যা। বাড়ছে মৃত্যুর মিছিল। ভেঙে পড়ছে রাষ্ট্রব্যবস্থা। সেনাবাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করলেও সন্ত্রাসী সংগঠনগুলোর উত্থান ঠেকাতে ব্যর্থ হচ্ছে বারবার।

সম্প্রতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। তারা নিয়ন্ত্রণ নিচ্ছে জনপদ। চাপিয়ে দিচ্ছে নিজেদের শরিয়া আইন। আর আন্তর্জাতিক প্রযুক্তি ও অর্থনৈতিক শোষণের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠছে প্রতিদিন। যাদের বর্বরতা গোটা আফ্রিকাকে করে তুলেছে টালমাটাল ও রক্তাক্ত।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার সহযোগী জঙ্গি গোষ্ঠী জেএনআইএম বর্তমানে পশ্চিম আফ্রিকার অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। গত ১ জুলাই সংগঠনটি মালির পশ্চিমাঞ্চলে সেনেগাল ও মৌরিতানিয়া সীমান্তের কাছে অবস্থিত সাতটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনা অঞ্চলটির স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিগত পাঁচ বছরে জঙ্গি হুমকি সামাল দিতে ব্যর্থতা এবং ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে না পারার কারণে বুরকিনা ফাসো, মালি ও নাইজারে একের পর এক সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তবে ক্ষমতাসীন সামরিক সরকারগুলোও তাদের পূর্বসূরি সরকারগুলোর মতোই জেএনআইএমের হুমকি প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই পরিস্থিতি পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতা ও নিরাপত্তাহীনতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।


















Design & Developed by BD IT HOST