প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ৩:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ঢাকা গাজীপুর কাপাসিয়া শ্বশুরবাড়ি থেকে গত (২৭ জুলাই) সোমবার পটুয়াখালীর বাউফলের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে মো. ইমন নামের এক তরুণ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর একটি অপরিচিত নম্বর থেকে তার বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বর্তমানে ওই নম্বরসহ নিখোঁজ তরুণের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ ইমন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মো. নুরুল হকের ছেলে।
ইমনের বাবা মো. নুরুল হক জানান, গত সোমবার আনুমানিক রাত ১১টার দিকে আমার মোবাইল ফোনে `01343281440` নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে। ফোনের অপর প্রান্ত থেকে জানতে চায়-আপনি কি ইমনরে চিনেন? আমি হ্যা চিনি, সে আমার ছেলে-এ কথা বলার পর তারা বলে যে, ইমনকে পেতে হলে এক লাখ টাকা দিতে হবে, আমি পরিচয় জানতে চাইলে বলে এটা গাজীপুরা।
তিনি আরও বলেন, টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই ওই নম্বরটি ও আমার ছেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমি এখন একদম অসহায় হয়ে পড়েছি। প্রশাসনের কাছে আকুল অনুরোধ জানাচ্ছি, আমার ছেলেকে যেন দ্রুত খুঁজে পেতে সাহায্য করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমন গাজীপুর থেকে বাউফলের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার পরিবার ও স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
ইমনের সন্ধান ও উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবার। ইমনের সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বাউফল থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


















Design & Developed by BD IT HOST