সারাদেশ

কোরাল মাছ খেয়ে তাবলিগ জামাতের ১৮ সাথী অসুস্থ

  প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ৯:৪৮:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি:
হাটহাজারীতে কোরাল মাছ খেয়ে তাবলিগ জামাতের ১৮ জন সাথী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২ মার্চ) সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদন হাট গ্রীন হেলথ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জামাতে তাবলিগের সাথী মোহাম্মদ মোর্শেদ।
উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসান আলী তালুকদার বাড়ি জামে মসজিদে ঘটনাটি ঘটে। অসুস্থ তাবলিগ জামাতের সাথীরা হলেন- হাফেজ রুহুল আমিন, মো. ইয়াকুব, কবির আহাম্মেদ, ফয়েজ উল্লাহ, আব্দুল গাফফার, মাওলানা শরিফুল ইসলাম,সিফাত হোসেন, আসাদ উল্লাহ, আবিদুল হক, মোহাম্মদ তানভীর, মো. নাজিম, মো. ওমর, আব্দুর রহমান, মোহাম্মদ দুলাল ও জাহিদুল আলম।
মোহাম্মদ মোর্শেদ জানান, আমাদের এলাকায় একটি তাবলিগের জামাত এসেছে। ওনারা গত রোববার হাটহাজারীর ভেতরের বাজার (মাছ বাজার) থেকে একটি বড় কোরাল মাছের অর্ধেক অংশ (৫ কেজি) ক্রয় করেন। ওই রাতে এটি রান্না করে খাওয়ার পর সকল সাথীর ডায়রিয়া, বমি, শরীর ব্যাথা ও পেটে জ্বালা-পোড়া শুরু হয়। অবস্থা বেগতিক হয়ে যাওয়ার কারণে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনহাট গ্রীন হেলথ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুমানা বেগম অসুস্থ রোগীদের বরাত দিয়ে জানিয়েছেন, বাজার থেকে ক্রয় করে রান্না করা কোরাল মাছ খেয়ে ডায়রিয়া, বমি ও শরীর ব্যথা- এমন উপসর্গ নিয়ে তাবলিগ জামাতের বেশ কয়েকজন সাথী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের যথোপযুক্ত চিকিৎসা প্রদান করা হচ্ছে।
জামাতে তাবলিগের সাথীরা জানান, বাজার থেকে ক্রয় করা কোরাল মাছটিতে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করা হয়েছে। ফলে মাছটি রান্না করে খাওয়ার কারণে আমাদের সাথী ভাইদের এমন অবস্থা। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে তারা জানান। বিষয়টি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST