প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ৬:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার সময় ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রাকিব মিয়া (২৮) নামে দেবরের বিরুদ্ধে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোভা বেগম (৩৫) নালী গ্রামের প্রবাসী সালাম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শোভার স্বামী সালাম ও রাকিব দুই ভাই। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। আলাদা সংসারে কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। তবে জায়গা জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
শুক্রবার সকালে শোভা তার স্বামীর ভাগের গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। এ সময় দেবর রাকিব নিজের গাছ দাবি করে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয় এবং ঘর থেকে একটি ধারালো ছুরি এনে শোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই শোভা বেগমের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই রাকিব এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত রাকিবকে আটকের চেষ্টা চলছে।












Design & Developed by BD IT HOST