প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলার একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে ভুতুরে রূপ নিয়েছে। অর্ধশতাব্দী আগে নির্মিত এ ভবন এখন লতাগুল্মে আচ্ছাদিত, চারপাশে জমে আছে জলাবদ্ধতা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভবনের দেয়াল ঘেঁষে উঠেছে গাছপালা এবং চারপাশ জলাবদ্ধ হয়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনের পূর্ব ও উত্তর পাশের জমি আশপাশের বাসিন্দারা দখল করে নিয়েছেন।
স্থানীয় মতি মোল্লা জানান, ভবনটি প্রথমে কমিউনিটি সেন্টার হিসেবে পরে রেজিস্ট্রি অফিস এবং সর্বশেষ পশু হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি সম্পূর্ণ অব্যবহৃত।
খালেক মোল্লা বলেন, তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জমির প্রয়োজন হয়। তখন স্থানীয় হাজী আবদুল মান্নান মোল্লা ও ইউনুস মোল্লা প্রায় ১২ শতক জমি সরকারি কাজে দলিল করে দেন।
জমিদাতা হাজী আবদুল মন্নান মোল্লা যুগান্তরকে বলেন, আমরা চাই এ ভবন ও জমির সঠিক ব্যবহার হোক। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এখানে ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা যেতে পারে।
শ্রীরামপুর ইউনিয়নের সাবেক সদস্য হারুন মোল্লা বলেন, ভবনটি অনেক দিন ধরে পরিত্যক্ত। যদি সংস্কার করে নতুন অফিস চালু করা যায় তাহলে এলাকাবাসী উপকৃত হবেন।
শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে৷


















Design & Developed by BD IT HOST