প্রতিনিধি ২০ জুন ২০২৪ , ১০:২৬:২৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দুই দলকেই বলে দিয়েছি, এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করব।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেন্টমার্টিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেন্টমার্টিনে কিছুই হয়নি তো। মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।
আমরা যতদূর জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশই দখল করে ফেলেছে। সেই কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহলবাহিনীর উপরেও গুলি করেছিল। তাদের আমরা জানিয়েছি।
তারা আমাদের যেটা জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি, তাহলে সেখানে আর তারা গুলি করবে না। ’
তিনি আরও বলেন, আপনারা জানেন সেন্টমার্টিন যেতে হলে আমাদের নাফ নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে, মিয়ানমারের অংশ দিয়েই যেতে হয়, সেখানেই এই বিপত্তিটা ঘটে। কখনো মিয়ানমার আর্মি, আবার কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দুজনকেই বলে দিয়েছি, এরপর আমাদের গুলি করলে আমরাও পাল্টা গুলি করব।
সেখানে এখন আর কোনো গোলাগুলি হচ্ছে না। সেখানে মিয়ানমারের দুটি জাহাজ ছিল, সেটিও তারা ফেরত নিয়ে গেছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলবেন।
দৈনিক একাত্তরের পাতা / স


















Design & Developed by BD IT HOST